চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার পাঁচটি উপজেলায় অনুষ্ঠিত হলো সমৃদ্ধি প্রকল্পের কৈশোর কার্যক্রমের উপজেলা দিবস, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘মেধা ও মননে সুন্দর আগামী’ প্রতিপাদ্যে গত ১৯ মে থেকে ২৫ জুন ২০২৫ পর্যন্ত চুয়াডাঙ্গার জীবননগর, দামুড়হুদা, চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা এবং কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এসব অনুষ্ঠান আয়োজন করে ওয়েভ ফাউন্ডেশন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ওয়েভ ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল ম্যারাথন দৌড়, সাইকেল র্যালি, ১০০ মিটার দৌড়, চিত্রাংকন, সংগীত, কবিতা আবৃত্তি, অভিনয়, নৃত্য ও কৌতুকসহ বিভিন্ন প্রতিযোগিতা। এছাড়া উন্নয়ন মেলা ও অভিভাবকদের অংশগ্রহণে ব্যতিক্রমধর্মী গেমস এবং অতিথিদের পরিবেশনায় সাংস্কৃতিক পরিবেশনাও ছিল অনুষ্ঠানের অংশ।
পাঁচটি উপজেলার মোট ১১১৪ জন প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। যার মধ্যে কিশোর ৩৮৭ জন, কিশোরী ৩৭৭ জন, মেন্টর ৮০ জন এবং অভিভাবক ২৭০ জন। প্রতিটি উপজেলায় স্থানীয় স্টেডিয়াম বা খেলার মাঠে দিনব্যাপী এসব কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানসমূহে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাবেক পৌর মেয়র, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় কলেজের অধ্যক্ষ, সাংবাদিক, সমাজসেবক, নাট্যকার ও ক্রীড়া ব্যক্তিত্বসহ নাগরিক সমাজের নেতৃবৃন্দ। জাতীয় সংগীতের মাধ্যমে এসব অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, উন্নয়ন মেলা পরিদর্শন ও মূল্যায়ন, সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণের মাধ্যমে এর সমাপ্তি ঘটে। আগত অতিথিরা এসকল কার্যক্রমের উচ্ছসিত প্রশংসা করেন। ওয়েভ ফাউন্ডেশন-এর এসব কার্যক্রমের মাধ্যমে স্থানীয় কিশোরেরা যেমন আত্মবিশ্বাসী হয়ে উঠছে, তেমনি তারা বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যাগুলো সম্পর্কে সচেতনতা তৈরি করছে এব্ং এ আয়োজনগুলো আগামী প্রজন্মের নেতৃত্ব গঠনে সহায়ক হবে বলে মতামত ব্যক্ত করেন অতিথিরা। এর আগে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়েও ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়, সেখানকার বিজয়ীরাই উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়। আয়োজনে অংশগ্রহণকারী ক্লাব সদস্যরা এই ধরনের আয়োজন মোবাইল আসক্তি বা মাদকদ্রব্য ব্যবহারসহ খারাপ সঙ্গ থেকে দূরে রেখে তাদেরকে দেশ ও সমাজগঠনমূলক কাজে উদ্বুদ্ধ করবে বলে মতামত দেন।



