ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণ বিভাগ মে-জুন ২০২৫ সময়কালে চুয়াডাঙ্গা শহরস্থ মালোপাড়া প্রশিক্ষণ কেন্দ্রে ‘অগ্রসর ঋণ কার্যক্রম সম্প্রসারণে ব্যবস্থাপকীয় ভূমিকা’ শীর্ষক দুই দিনব্যাপী তিন ব্যাচ প্রশিক্ষণ আয়োজন করে। প্রশিক্ষণের লক্ষ্য ছিল ইউনিট ব্যবস্থাপকদের মধ্যে নেতৃত্বের দক্ষতা উন্নয়নের মাধ্যমে অগ্রসর ঋণ কার্যক্রমকে আরও কার্যকর, টেকসই ও প্রভাবশালী করা। ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচির সম্প্রসারণ ও গুণগত মান নিশ্চিত করার প্রক্রিয়ায় ইউনিট ব্যবস্থাপকদের ভূমিকাই প্রধান নিয়ামক হিসেবে বিবেচিত হয়। এই প্রশিক্ষণে সংস্থার ঝিনাইদহ, রাজশাহী, নাটোর, যশোর ও পটুয়াখালী রিজিওনের মোট ৬৯ জন পুরুষ ও ২ জন নারী ইউনিট ম্যানেজার অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল ব্যবস্থাপকদের ব্যবস্থাপনা, নেতৃত্ব, মনিটরিং ও মেন্টরিং–সম্পর্কিত ধারণা প্রদান করা এবং তাদের মধ্যে পেশাগত আত্মবিশ্বাস গড়ে তোলা। এছাড়া, উন্নত গ্রাহক সম্পর্ক স্থাপন, ঋণ সংগ্রহে দক্ষতা অর্জন, পুনরুদ্ধার কৌশল ও উদ্যোক্তা উন্নয়ন, ঋণ বিশ্লেষণে যুক্ত সংশ্লিষ্টদের জ্ঞান ও আচরণগত সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণের ৮টি অধিবেশন অংশগ্রহণমূলক পদ্ধতিতে পরিচালিত হয়, যার মধ্যে ছিল দলীয় কাজ, রোল প্লে, একক অনুশীলন, ভিডিও প্রদর্শন, কেস স্টাডি, গ্যালারি ওয়ার্ক এবং উদ্দীপক গেমস। এতে অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হন এবং বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জন করেন।
প্রশিক্ষণ চলাকালে ব্যবস্থাপকদের কিছু ঘাটতি শনাক্ত করা হয়, যেমন উপস্থাপন ও যোগাযোগ দক্ষতার সীমাবদ্ধতা, আত্মসমালোচনায় অনীহা, ঋণ প্রোফাইল বিশ্লেষণে অসতর্কতা এবং নেতৃত্ব প্রদানে আত্মবিশ্বাসের ঘাটতি। তবে, প্রশিক্ষণপূর্ব ও প্রশিক্ষণোত্তর স্কোর বিশ্লেষণে স্পষ্ট হয় যে, অংশগ্রহণকারীদের দক্ষতায় তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে। প্রশিক্ষণের পূর্বে ৫-১৫ স্কোরধারী ছিলেন ৫৪ জন, যেখানে প্রশিক্ষণোত্তরে ১৫-২৯ স্কোরধারী বেড়ে দাঁড়ায় ৫৮ জনে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের ধারণা সুসংহত হয় যে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে, বিশেষ করে নারী, প্রান্তিক জনগোষ্ঠী এবং তরুণদের উদ্যোগ বাস্তবায়নে তাদের ভূমিকা কেবল ব্যবস্থাপকের সীমায় আবদ্ধ নয়—বরং তারা এখন নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। এই প্রশিক্ষণ তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ঋণ কর্মসূচিতে নীতি নির্ধারণ ও বাস্তবায়নে তাদের কার্যকরী ভূমিকা পালনের সক্ষমতা বৃদ্ধি করবে।



